
চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, সরকার বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি-এর অনুমোদনের ভিত্তিতে কেবল বন্দরের নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় অপারেটরই বিবেচনায় রাখা হয়।
তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন টার্মিনাল পরিচালনায় দেশি-বিদেশি অপারেটর কাজ করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বর্তমানে একটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস বিভি-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, বন্দরের মালিকানা বা নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই; বরং দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নির্দিষ্ট সেবার ক্ষেত্রে অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে।